
মোঃ তৌফিকুর রহমান রাজন স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫)। তিনি এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে পরিচিত। অপরজন পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. মিন্টু সরদার (৪৭)। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে।
তারা কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।